প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়ন কার্যক্রম নিয়ে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ জুন) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত বিস্তৃত বিআরটি প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়ন প্রক্রিয়া এবং সম্ভাব্য সুফল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, সভায় বিশেষজ্ঞরা প্রকল্পটির বিভিন্ন দিক নিয়ে মতামত ও সুপারিশ তুলে ধরেন। বিশেষ করে বিআরটির নকশা, স্টেশন ব্যবস্থাপনা, যাত্রীসেবা, পরিচালন কাঠামো এবং সামগ্রিক কার্যকারিতা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।
সভায় সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব, সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক মো. শামসুল হক, মোসলেহ উদ্দীন হাসান, মো. হাদিউজ্জামান ও রাকিব আহসানসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মঈনুল হাসানও সভায় অংশ নেন। সভায় প্রকল্পটি দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় এবং যাত্রীবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

