দেশের ইতিহাসে স্বাস্থ্যখাতে সর্বোচ্চ ৬৯ হাজার কোটি টাকার বাজেট বরাদ্দ দেওয়া হলেও তামাক ও মাদকের ব্যবহার নিয়ন্ত্রণ করা না গেলে এর পূর্ণ সুফল পাওয়া সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সোমবার (১৫ জুন) বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে প্রতি বছর তামাকজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বিপুলসংখ্যক মানুষের মৃত্যু হচ্ছে। তামাক খাত থেকে সরকার যে রাজস্ব আয় করে, তার তুলনায় কয়েকগুণ বেশি অর্থ ব্যয় করতে হয় তামাকজনিত রোগে আক্রান্তদের চিকিৎসায়। ফলে তামাকের স্বাস্থ্যগত ও অর্থনৈতিক ক্ষতি দেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
তিনি বলেন, তামাক ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে না পারলে স্বাস্থ্যখাতে রেকর্ড বাজেট বরাদ্দও কাঙ্ক্ষিত ফল দিতে পারবে না। এজন্য জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে হাম নিয়ন্ত্রণে সরকারের নেওয়া পদক্ষেপ ইতোমধ্যে ইতিবাচক ফল দিয়েছে।
তিনি বলেন, “আমরা লক্ষ্যমাত্রার চেয়েও বেশি মানুষকে টিকার আওতায় আনতে সক্ষম হয়েছি। ঈদের আগ থেকেই মাইকিং ও বাড়ি বাড়ি প্রচারণার মাধ্যমে টিকাদান কার্যক্রম পরিচালনা করা হয়েছে। পাশাপাশি নিয়মিত ইপিআই কর্মসূচিও চলমান রয়েছে।”
তিনি আশা প্রকাশ করেন, টিকাদান কার্যক্রম জোরদার হওয়ায় দেশে হাম পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসবে।

