রবিবার, ২১ জুন ২০২৬

প্রতিশোধ নয়, দেশ ও মানুষের জন্য কাজ করুন: প্রধানমন্ত্রী তারেক রহমান

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে এসে দেশ, সমাজ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, অতীতের অন্যায় বা ক্ষতির প্রতিশোধ নেওয়ার মাধ্যমে হারানো কিছুই ফিরে পাওয়া যায় না; বরং ভবিষ্যৎ নির্মাণে ইতিবাচক ভূমিকা রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

- Advertisement -

মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি বিটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “আমরা আমাদের চিন্তা-ভাবনায় পরিবর্তন আনার চেষ্টা করি। হ্যাঁ, আমার সঙ্গে অন্যায় হয়েছে। কিন্তু প্রতিশোধ নিলেই কি সেই ক্ষতি পূরণ হবে বা সবকিছু আগের অবস্থায় ফিরে আসবে? হবে না। তাই প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে এসে আমাদের ভাবতে হবে, আমরা দেশের জন্য, সমাজের জন্য এবং মানুষের জন্য কী করতে পারি।”

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একসময় দেশে সংবাদপত্রের স্বাধীনতা সংকুচিত করার চেষ্টা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।

তারেক রহমান বলেন, “একসময় বাংলাদেশের সব সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছিল। অথচ আজ আমরা অসংখ্য সাংবাদিকের সঙ্গে মুক্তভাবে কথা বলছি। এটি প্রমাণ করে সংবাদপত্রের কণ্ঠরোধের চেষ্টা কখনো স্থায়ী হতে পারে না।”

সাংবাদিকদের উদ্দেশে তিনি আরও বলেন, দেশের তরুণ প্রজন্মের মধ্যে মাদকাসক্তি একটি বড় সামাজিক সমস্যা হয়ে উঠেছে। সীমিত সম্পদ ও সক্ষমতার কারণে শুধুমাত্র গ্রেপ্তার বা চিকিৎসার মাধ্যমে এ সমস্যার সমাধান সম্ভব নয়। এ বিষয়ে সমাজের সব স্তরের মানুষকে সম্পৃক্ত করে দীর্ঘমেয়াদি ও কার্যকর উদ্যোগ গ্রহণের প্রয়োজন রয়েছে।

তিনি বলেন, মাদক সমস্যাকে কেবল আইনশৃঙ্খলার বিষয় হিসেবে না দেখে সামাজিক ও মানবিক দৃষ্টিকোণ থেকেও বিবেচনা করতে হবে। তরুণদের জন্য ইতিবাচক পরিবেশ সৃষ্টি এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এ সংকট মোকাবিলা করা সম্ভব।

সর্বশেষ

এই বিভাগের আরও