শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা, ডব্লিউইএফকে জানালেন প্রধানমন্ত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশসহ বদ্বীপ রাষ্ট্রগুলোর জন্য সমন্বিত আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

- Advertisement -

মঙ্গলবার (২৩ জুন) চীনের দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যালোয়া জুইঙ্গির সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য সমন্বিত উদ্যোগ ও সহযোগিতা প্রয়োজন। এ সময় তিনি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ডব্লিউইএফের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন।

পরিবেশ সংরক্ষণে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান জানান, আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি প্রায় ২০ হাজার কিলোমিটার নদী ও খাল পুনঃখননের মাধ্যমে পানিপ্রবাহ পুনরুদ্ধার, বন্যার ঝুঁকি হ্রাস এবং পরিবেশ সুরক্ষার পরিকল্পনাও বাস্তবায়ন করা হবে।

তিনি আরও জানান, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সৌরবিদ্যুৎ খাতে কর রেয়াত দেওয়া হচ্ছে। সরকারের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে নিশ্চিত করা।

ডব্লিউইএফের প্রেসিডেন্ট অ্যালোয়া জুইঙ্গি বাংলাদেশের জলবায়ু সহনশীলতা ও টেকসই উন্নয়নে নেওয়া উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, এসব উদ্যোগ আন্তর্জাতিক বিনিয়োগকারী ও অর্থায়নকারী সংস্থার আগ্রহ বাড়াতে সহায়ক হবে।

বাংলাদেশের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দিয়ে তিনি ভবিষ্যতেও ডব্লিউইএফের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান। একই সঙ্গে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিতব্য বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় অংশ নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতীকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চার দিনের সরকারি সফরে চীনে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের অংশ হিসেবে তিনি ২৩ থেকে ২৫ জুন দালিয়ানে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের ‘নিউ চ্যাম্পিয়ন্স’-এর ১৭তম বার্ষিক সভায় অংশ নিচ্ছেন। সফরের পরবর্তী পর্যায়ে বেইজিংয়ে চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও