বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের এখন থেকেই প্রস্তুত হতে হবে।
রোববার (২৮ জুন) জাতীয় সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের আমন্ত্রণে সংসদ ভবনে আয়োজিত এ মধ্যাহ্নভোজে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা অংশ নেন।
মধ্যাহ্নভোজে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের ২৯ জন শিক্ষার্থী, গণসাক্ষরতা অভিযানের সহযোগী সংস্থা ‘সুরভী’র মাধ্যমে আসা ২১ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ও শিক্ষক এবং তেজগাঁও কলেজ ডিবেটিং সোসাইটির ১৬ জন শিক্ষার্থী ও শিক্ষক উপস্থিত ছিলেন।
এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের পড়াশোনা, ভবিষ্যৎ পরিকল্পনা ও বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমেও গুরুত্ব দিতে হবে। নিজেদের যোগ্য, দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, তাই উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে নিজেদের প্রস্তুত রাখতে হবে।
সংসদ পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা সংসদ সচিবালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা নেন। পাশাপাশি তারা সংসদ লাইব্রেরি পরিদর্শন, উত্তর প্লাজায় ফটোসেশন এবং সংসদ অধিবেশন কক্ষে সংসদের কার্যক্রমও প্রত্যক্ষ করেন।

