মন্ত্রীদের প্রতি মাসিক বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি নিজেও নিয়মিত বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দেন বলে জানিয়েছেন।
সোমবার (৬ জুলাই) স্বাস্থ্যমন্ত্রী মুক্তিযোদ্ধা সরদার মো. সাখাওয়াত হোসেন এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর এ আহ্বানের কথা গণমাধ্যমকে জানান।
স্বাস্থ্যমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক এক মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী বিনয়ের সঙ্গে মন্ত্রীদের উদ্দেশে বলেন, তার এ অনুরোধ মানা বা না মানা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত।
প্রধানমন্ত্রী বলেন, তাঁর বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতি মাসে নিজের বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দিতেন, যাতে তা গরিব-অসহায় মানুষের কল্যাণ কিংবা রাষ্ট্রীয় প্রয়োজনে ব্যয় করা যায়।
তিনি আরও জানান, বর্তমানে তাঁর মূল বেতন ১ লাখ ১৫ হাজার টাকা। সেখান থেকে প্রতি মাসে ১১ হাজার ৫০০ টাকা সরকারি কোষাগারে জমা দেন। বেতন হিসাবে জমা হওয়ার পর সেই অর্থ সরকারি হিসাবে ফেরত পাঠান।
একই ধারাবাহিকতা বজায় রাখতে মন্ত্রীদের প্রতিও একই উদ্যোগ নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, “আপনাদের পক্ষে সম্ভব হলে আপনারাও প্রতি মাসে বেতনের ১০ শতাংশ সরকারের কোষাগারে ফেরত দিন।”
স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর এই আহ্বানকে মন্ত্রিসভার সদস্যরা ইতিবাচকভাবে গ্রহণ করেছেন এবং তাঁর এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন।

