আবহাওয়া পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী রোববার (১২ জুলাই) থেকে চট্টগ্রাম–কক্সবাজার রেলপথে ট্রেন চলাচল আবারও স্বাভাবিক হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
শনিবার (১১ জুলাই) নগরের চান্দগাঁও থানার মেডিকেল গেট এলাকায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত রেললাইন পরিদর্শন শেষে এ তথ্য জানান চট্টগ্রাম বিভাগের পরিবহন কর্মকর্তা মো. ফারহান মাহমুদ।
তিনি বলেন, ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে রেললাইনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় গত মঙ্গলবার থেকে কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত অংশের মেরামত কাজ সম্পন্ন হয়েছে।
মো. ফারহান মাহমুদ বলেন, “আজ আমরা ক্ষতিগ্রস্ত রেললাইন পরিদর্শন করেছি। যেখানে সমস্যা ছিল, সেগুলোর মেরামতের কাজ শেষ হয়েছে। সবকিছু অনুকূলে থাকলে রোববার থেকে ট্রেন চলাচল শুরু করা যাবে।”
রেলওয়ে সূত্র জানায়, জলাবদ্ধতার কারণে মোট চারটি ট্রেনের চলাচল ব্যাহত হয়। এর মধ্যে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস এবং কক্সবাজার থেকে চট্টগ্রামগামী সৈকত এক্সপ্রেস-এর যাত্রা সম্পূর্ণ বাতিল করা হয়েছিল।
এ ছাড়া কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস-এর চট্টগ্রাম থেকে কক্সবাজার অংশের যাত্রা বাতিল করে বিকল্প ব্যবস্থায় যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর উদ্যোগ নেয় বাংলাদেশ রেলওয়ে।
রেলওয়ে কর্মকর্তারা জানান, রেললাইন সম্পূর্ণ নিরাপদ রয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার পরই ট্রেন চলাচল শুরু করা হবে। আবহাওয়া অনুকূলে থাকলে রোববার থেকে চট্টগ্রাম–কক্সবাজার রুটে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

