প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কোনো ভেদাভেদ নয়—সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই সরকার দেশকে এগিয়ে নিতে চায়। জনগণের সহযোগিতা পেলে সারা দেশে ফ্যামিলি কার্ড কর্মসূচি সম্প্রসারণ করা হবে বলেও জানান তিনি।
সোমবার (১৩ জুলাই) বেলা ১১টার দিকে বরিশালের গৌরনদীতে বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, দেশকে সুন্দর ও বাসযোগ্য রাখতে বেশি বেশি বৃক্ষরোপণের পাশাপাশি সেগুলোর পরিচর্যাও নিশ্চিত করতে হবে। “সন্তান যেমন বড় হলে আনন্দ লাগে, তেমনি একটি গাছ বড় হলেও একই রকম আনন্দ পাওয়া যায়,” বলেন তিনি।
প্রধানমন্ত্রী জানান, দেশে প্রয়োজনের তুলনায় গাছের সংখ্যা কম। তাই আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ করার পরিকল্পনা নিয়েছে সরকার।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন এসেছে এবং আগের তুলনায় বেশি বৃষ্টি হচ্ছে। এ পরিস্থিতিতে পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
তার ভাষায়, “নিজেদের দেশকে নিজেরাই গড়ে তুলতে হবে, বাইরের কেউ এসে ঠিক করে দিয়ে যাবে না।”
এ সময় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির জন্য নতুন স্লোগানও ঘোষণা করেন প্রধানমন্ত্রী—“বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ।”
এর আগে সকালে সড়কপথে বরিশালে পৌঁছে গৌরনদীর বাটাজোর ইউনিয়নের নবখনন করা সরিকল খালের পাশ, বরিশাল জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকা এবং ত্রিশ গোডাউন সংলগ্ন সাগরদী এলাকায় পৃথক বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন তিনি।

