উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (১৫ জুলাই) আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের স্বাক্ষরিত এক সতর্কবার্তায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়, লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, সমুদ্রবন্দরসমূহ এবং বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গণমাধ্যমকে জানান, আগামী ২৪ ঘণ্টার জন্য এই সতর্কবার্তা কার্যকর থাকবে। তবে পরবর্তী দিনেও বঙ্গোপসাগরে বিরূপ আবহাওয়ার সম্ভাবনা থাকায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
তিনি আরও বলেন, ঝড়ো হাওয়ার প্রবণতা কমে এলে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে।

