রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বন্যাদুর্গতদের পাশে সরকার, ত্রাণের পর দ্রুত শুরু হবে পুনর্বাসন: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকার আপাতত ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখবে। পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক হলেই দ্রুত পুনর্বাসন কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

- Advertisement -

শুক্রবার (১৭ জুলাই) সকালে চট্টগ্রামের পতেঙ্গা এলাকার বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “যেখানে কৃষির জন্য বীজ প্রয়োজন, সেখানে বীজ দেওয়া হবে। আর যেখানে ওষুধ প্রয়োজন, সেখানে ওষুধ সরবরাহ করা হবে।”

পতেঙ্গার মাইজপাড়া মাহমুদুন্নবী কমিউনিটি সেন্টার এবং পরে খালপাড় এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন অর্থমন্ত্রী।

তিনি জানান, সাম্প্রতিক বন্যায় চট্টগ্রামে প্রায় ৭ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের জন্য জরুরি মানবিক সহায়তা হিসেবে ইতোমধ্যে ৪০ হাজার মানুষের মধ্যে রান্না করা খাবার এবং ৭৫ হাজার মানুষের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

পুনর্বাসন পরিকল্পনার বিষয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ত্রাণ কার্যক্রমের পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কগুলো মেরামতের জন্য বিশেষ বরাদ্দ দেওয়া হবে, যাতে দ্রুত যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করা যায়।

পতেঙ্গায় ত্রাণ বিতরণ শেষে অর্থমন্ত্রীর চন্দনাইশ, সাতকানিয়া ও বাঁশখালী উপজেলার বন্যাকবলিত এলাকাগুলোতে দিনব্যাপী ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও