বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

প্রশ্নফাঁসের প্রতিবাদে মোদির বাসভবন ঘেরাও, আটক রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রাসহ বিরোধী জোটের কয়েকজন শীর্ষ নেতাকে আটক করেছে পুলিশ।

- Advertisement -

মঙ্গলবার (২১ জুলাই) ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট) প্রশ্নফাঁসের অভিযোগ এবং শিক্ষার্থীদের ওপর পুলিশি দমন-পীড়নের প্রতিবাদে প্রধানমন্ত্রী মোদির বাসভবনের সামনে অবস্থান নেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবসহ বিরোধী নেতারা।

বিক্ষোভ চলাকালে পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদবসহ কয়েকজন শীর্ষ নেতাকে আটক করা হয়। এ সময় রাহুল গান্ধীর নাকে আঘাত লেগে রক্ত ঝরতে দেখা যায়।

এর আগে সোমবার সংসদ অভিমুখে শিক্ষার্থীদের প্রতিবাদ কর্মসূচিতে পুলিশি অ্যাকশনের বিরুদ্ধেও বিরোধী দলগুলো রাজপথে বিক্ষোভ করে। তারা শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগের তীব্র নিন্দা জানায় এবং সরকারের জবাবদিহি দাবি করে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রাহুল গান্ধী বলেন, শিক্ষার্থীদের ওপর পুলিশের বলপ্রয়োগের ঘটনায় সরকারের কাছে জবাব চাইতেই তারা প্রধানমন্ত্রীর বাসভবনের উদ্দেশে গণমিছিল করেছেন। কিন্তু সরকার এ বিষয়ে কোনো দায় স্বীকার করছে না এবং সংসদেও আলোচনায় আসতে চাইছে না।

তিনি অভিযোগ করেন, দেশের কোটি কোটি তরুণের ভবিষ্যৎ ধ্বংসের দায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। এ কারণে তাদের পদত্যাগ করা উচিত।

শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে স্লোগান দেন কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীর উচ্চ নিরাপত্তাবেষ্টিত বাসভবনের সামনে বিরোধী নেতাদের এই বিক্ষোভ ও আটকের ঘটনায় ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও