আগামী আট বছরের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর করতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ফরেন ইনভেস্টমেন্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) আয়োজিত এফডিআই সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “আমাদের সরকার ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে একটি এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর করতে দৃঢ়প্রতিজ্ঞ। আমাদের বাজেটে বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত খাতগুলোর জন্য সুনির্দিষ্ট প্রণোদনা নিশ্চিত করা হয়েছে।”
তিনি জানান, নবায়নযোগ্য জ্বালানি, ওষুধ শিল্প, ইলেকট্রনিক্স, ডিজিটাল সেবা, কৃষি-প্রক্রিয়াজাতকরণ, উন্নত বস্ত্রশিল্প, স্বাস্থ্যসেবা এবং লজিস্টিকস খাতকে অগ্রাধিকার দিয়ে বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলা হচ্ছে।
তারেক রহমান বলেন, বাংলাদেশকে বৈশ্বিক উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে। একই সঙ্গে তৈরি পোশাক শিল্পে বহুমুখীকরণ, প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদ তৈরি এবং উদ্ভাবনকে উৎসাহিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিদেশি বিনিয়োগকারীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ শুধু বিনিয়োগ আকর্ষণের ওপর নির্ভর করে না; বরং দীর্ঘমেয়াদি, টেকসই ও বিশ্বাসযোগ্য অংশীদারত্ব গড়ে তোলার ওপর নির্ভর করে। তিনি দেশি-বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশের সম্ভাবনাময় অর্থনীতির অংশ হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, “আমরা একসঙ্গে এমন একটি অর্থনীতি গড়ে তুলতে পারি, যা হবে সুদৃঢ়, ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক। আসুন, নতুন কর্মসংস্থান সৃষ্টি করি এবং আগামীর বাংলাদেশকে নতুন করে গড়ে তুলি।”
সম্মেলনে যোগদানের আগে প্রধানমন্ত্রী বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক্সপোর বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী দেশি-বিদেশি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
উল্লেখ্য, ফরেন ইনভেস্টমেন্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) আয়োজিত দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলন ও এক্সপোতে দেশি-বিদেশি বিনিয়োগকারী, শিল্পোদ্যোক্তা এবং নীতিনির্ধারকেরা অংশ নেন।

