রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় সংসদের স্পিকার বরাবর তিনি পদত্যাগপত্র জমা দেন। পরে পদত্যাগপত্রটি সংসদ সচিবালয়ে পৌঁছেছে বলে বঙ্গভবন সূত্রে জানা গেছে।
পদত্যাগপত্রে রাষ্ট্রপতি তার শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে জানান, তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতাসহ নানা স্বাস্থ্য সমস্যায় ভুগছেন।
তিনি আরও উল্লেখ করেন, এর আগে তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। সম্প্রতি স্বাস্থ্য পরীক্ষায় তার অটোনোমিক নিউরোপ্যাথি (Autonomic Neuropathy) রোগ ধরা পড়েছে, যার কারণে তিনি মাঝেমধ্যে কিছু সময়ের জন্য অচেতন হয়ে পড়েন।
রাষ্ট্রপতি পদত্যাগপত্রে বলেন, এসব শারীরিক জটিলতা ও মানসিক অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে আর সম্ভব হচ্ছে না। এছাড়া তার দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন রয়েছে। এ অবস্থায় সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।
এ বিষয়ে শুক্রবার বিকেল ৫টার পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন বলে জানা গেছে।
সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে অথবা রাষ্ট্রপতি অসুস্থতা বা অন্য কোনো কারণে দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

