রবিবার, ২ আগস্ট ২০২৬

কক্সবাজারের খোকন বোয়ালখালীতে চালাতেন ইয়াবার কারবার, অবশেষে গ্রেপ্তার

এস এম শাহেদ হোসেন ছোটন, বোয়ালখালী:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবাসহ আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

শনিবার (১ আগস্ট) ভোরে বোয়ালখালী থানার একটি আভিযানিক দল পৌরসভার আরকান সড়কের গোমদণ্ডী ফুলতল এলাকা থেকে খোকন (৩০) নামে ওই আসামিকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খোকনের প্যান্টের পকেটে থাকা পলিথিনে মোড়ানো ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার খোকন কক্সবাজার জেলার রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নুর আহমদের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বোয়ালখালীতে বাসা ভাড়া নিয়ে ইয়াবার ব্যবসা চালিয়ে আসছিলেন বলে জানিয়েছে পুলিশ।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি নতুন মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

এই বিভাগের আরও