শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

প্যারাসেইলিং করতে গিয়ে আকাশ থেকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার সমুদ্র সৈকতে প্যারাসেইলিং করার সময় আকাশ থেকে সমুদ্রে পড়ে শৌভিক রায় নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

- Advertisement -

শনিবার (১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজারের দরিয়ানগর সৈকত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শৌভিক রায় খুলনার বাসিন্দা। তিনি নয় সদস্যের একটি পর্যটক দলের সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান জানান, দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিং করার সময় নিরাপত্তা হারনেস থেকে ছিটকে সমুদ্রে পড়ে গুরুতর আহত হন শৌভিক। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুবক্তগীন মোহাম্মদ সহেল বলেন, দুপুর ২টা ১০ মিনিটে শৌভিককে হাসপাতালে আনা হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে।

স্থানীয় ব্যবসায়ী পারভেজ আলম জানান, প্যারাসেইলিংয়ের সময় হঠাৎ নিরাপত্তা হারনেস থেকে ছিটকে সমুদ্রে পড়ে যান শৌভিক। পরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর কক্সবাজার সদর হাসপাতাল প্রাঙ্গণে নিহতের স্বজন ও সফরসঙ্গীদের আহাজারিতে শোকের পরিবেশ সৃষ্টি হয়। একই সঙ্গে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়। স্বজনরা সমুদ্র সৈকতে পরিচালিত প্যারাসেইলিং কার্যক্রমের নিরাপত্তা ব্যবস্থা, ব্যবহৃত সরঞ্জামের মান এবং তদারকি নিয়ে প্রশ্ন তুলেছেন।

সর্বশেষ

এই বিভাগের আরও