শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

নিম্নচাপের প্রভাবে ৪ বিভাগে ভারি বৃষ্টির আভাস, ৩ নম্বর সতর্ক সংকেত

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

দেশের দক্ষিণপশ্চিম অঞ্চলের উপকূল, পশ্চিমবঙ্গ উপকূল এবং পাশের উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপের প্রভাবে ভারি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

- Advertisement -

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে। ফলে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাসহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে।

উল্লেখ্য, সাধারণত ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত হলে তাকে ‘ভারি’, আর ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হলে তাকে ‘অতি ভারি’ বৃষ্টি বলা হয়।

আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, নিম্নচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঝড়ো হাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

ঝড় সতর্কীকরণ কেন্দ্র বলছে, নিম্নচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। তাতে করে সমুদ্র বন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং পাশের বাংলাদেশ উপকূলের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বুলেটিনে বলা হয়েছে।

সর্বোচ্চ বৃষ্টি টেকনাফে, সর্বনিম্ন তাপমাত্রা সিলেটে

সোমবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৪৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে কক্সবাজারের টেকনাফে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে কম-বেশি বৃষ্টি ঝরেছে।

এসময়ে সর্বোচ্চ ৩৫ দশমিক ৫ সেলসিয়াস তাপমাত্রা নথিবদ্ধ হয়েছে কিশোরগঞ্জের নিকলী ও ময়মনসিংহে। আর সর্বনিম্ন ২৪ দশমিক ২ সেলসিয়াস তাপমাত্রা ছিল সিলেটে।

সর্বশেষ

এই বিভাগের আরও