বুধবার, ৪ নভেম্বর ২০২৬

শফিকুর রহমানকে দুপুরের খাবারের আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

প্রধানমন্ত্রী তারেক রহমানের দুপুরের খাবারের খরচ ১০০ থেকে ১৫০ টাকা হওয়ায় প্রশংসা করেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। এ সময় সংসদে উপস্থিত প্রধানমন্ত্রী তাকে সেই খাবার খাওয়ার আমন্ত্রণ জানান।

- Advertisement -

সোমবার জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে কার্যপ্রণালিবিধির ৬৮ বিধির আলোচনার একপর্যায়ে এ ঘটনা ঘটে।

প্রধানমন্ত্রীর জীবনযাপনের প্রসঙ্গ তুলে শফিকুর রহমান বলেন, “আমরা উৎসাহিত হই, যখন দেখি মাননীয় প্রধানমন্ত্রীর লাঞ্চের খরচ ১০০ থেকে ১৫০ টাকা। খুব ভালো লাগে। কারণ এত কম টাকায় আমিও খেতে পারি না। আমার বোধহয় আর একটু বেশি খরচ হয়।”

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান হাতের ইশারায় তাকে খাবারের আমন্ত্রণ জানান। একই সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও বিরোধীদলীয় নেতাকে খাওয়ানোর কথা বলেন।

প্রধানমন্ত্রীর আমন্ত্রণের জবাবে শফিকুর রহমান বলেন, “হ্যাঁ, খাওয়ায় দিবেন? অনেক ধন্যবাদ। আমি তো একা খাব না। আমি তো ১৮ কোটি মানুষ নিয়ে খেতে চাই। আমি সবাইকে নিয়ে খেতে চাই। তারপরেও ধন্যবাদ এই অফারটা দেওয়ার জন্য।”

প্রধানমন্ত্রীর সাদামাটা জীবনযাপনেরও প্রশংসা করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, প্রধানমন্ত্রী জাঁকজমকপূর্ণ পোশাক বা জীবনযাপন করেন না এবং সাধারণভাবে চলেন। তার এ জীবনধারা অনুসরণ করার মতো বলেও মন্তব্য করেন তিনি।

তবে প্রধানমন্ত্রীকে যারা নিজেদের ‘আইকন’ হিসেবে তুলে ধরেন, তাদের আচরণের সঙ্গে প্রধানমন্ত্রীর জীবনযাপনের অনেক ক্ষেত্রে মিল নেই বলে মন্তব্য করেন শফিকুর রহমান।

তিনি বলেন, “তিনি যদি এই সমস্ত মানুষের আইকন হয়ে থাকেন, তাহলে তাকে তো ফলো করা উচিত। সকল ক্ষেত্রে ফলো করা উচিত। তখন সেটা তো আমরা দেখি না। আমরা জাস্ট তার রিভার্সটাই দেখি।”

কাউকে ‘আইকন’ বললে তাঁর ভালো দিকগুলোও অনুসরণ করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

একই সঙ্গে প্রধানমন্ত্রীও ভুলের ঊর্ধ্বে নন উল্লেখ করে শফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর সব কথায় ‘হ্যাঁ’ বলার প্রয়োজন নেই।

এর আগে জ্বালানি ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের পদক্ষেপ নিয়ে আলোচনায় দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।

সর্বশেষ

এই বিভাগের আরও