বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬

‘ক্লাস ছেড়ে অন্য কিছু করা যাবে না’—ছাত্রদের মঈন খান

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

দেশের প্রয়োজনে ছাত্রসমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান। তবে দেশের জন্য কাজ করতে গিয়ে লেখাপড়া ও ক্লাসের দায়িত্ব থেকে সরে যাওয়া যাবে না বলেও স্পষ্ট করেছেন তিনি।

- Advertisement -

বুধবার (৯ সেপ্টেম্বর) বাংলা একাডেমি প্রাঙ্গণে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া স্মৃতি পাঠাগার আয়োজিত জিয়া স্মৃতি বইমেলা-২০২৬-এর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ছাত্রসমাজের ভূমিকার কথা তুলে ধরে মঈন খান বলেন, দেশের যেকোনো সংকটে ছাত্রদের এগিয়ে আসতে হবে। জুলাই আন্দোলনের সময়ও ছাত্ররা এগিয়ে এসেছিল। তারা দেশকে নতুন দিকনির্দেশনা দিয়েছে এবং অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন ও স্বৈরশাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

ছাত্রদের উদ্দেশে তিনি বলেন, “কাজটি আপনারা করবেন, এটা ছাত্ররাই করতে পারে। আমরা হয়তো পারব না। কিন্তু লেখাপড়া ছেড়ে দিয়ে নয়।”

তিনি আরও বলেন, ক্লাস ছেড়ে অন্য কোনো কাজে যুক্ত হওয়ার বিষয়টি হতে পারে না। দেশের জন্য কাজ করার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা চালিয়ে যেতে হবে।

বই ও পাঠাগারের গুরুত্ব

বই ও পাঠাগারের গুরুত্ব তুলে ধরে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বইয়ের সঙ্গে পাঠাগারের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন প্রজন্ম মোবাইল ফোনে, ই-বুকে কিংবা লাইব্রেরিতে গিয়ে পড়ুক—পড়ার চর্চা ধরে রাখতে হবে।

তিনি বলেন, লেখাপড়ায় ফিরে আসতে হবে। লেখাপড়া ছাড়া বিশ্বের বুকে কোনো জাতি গৌরব অর্জন করতে পারে না।

প্রযুক্তি নিয়ে ভয় পাওয়ার কারণ নেই

নতুন প্রযুক্তির ব্যবহার প্রসঙ্গে মঈন খান বলেন, মোবাইল ফোনে সবকিছু খারাপ নয়। এর মাধ্যমে অনেক ভালো ও প্রয়োজনীয় বিষয়ও জানা যায়। নতুন প্রজন্ম ও শিশুদের সঠিকভাবে পরিচালিত করতে পারলে নতুন প্রযুক্তি নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই।

তিনি বলেন, যারা নেতৃত্ব দেবেন, তাদের নতুন সমাজ, তরুণ প্রজন্ম ও ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে হবে।

অনুষ্ঠানে নিজের পারিবারিকভাবে বিএনপির সঙ্গে সম্পৃক্ততার কথাও তুলে ধরেন মঈন খান। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার বাবাকে বিএনপিতে যুক্ত করেছিলেন। সে কারণে বিএনপি তাদের ‘রক্তে ঢুকে রয়েছে’ এবং সেই রক্তের ঋণ পরিশোধের চেষ্টা করবেন তিনি।

জিয়া স্মৃতি পাঠাগারের আহ্বায়ক সৈয়দা ফাতেমা সালামের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ, সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমানসহ বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা।

সর্বশেষ

এই বিভাগের আরও