চট্টগ্রামের রাউজান থানা এলাকায় পুত্র কর্তৃক পিতাকে হত্যাচেষ্টার মামলার এজাহারনামীয় প্রধান আসামি মো. আশরাফুল গণিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাউজান থানাধীন আদালতপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, রাউজান থানায় দায়ের হওয়া মামলার পলাতক প্রধান আসামি আশরাফুল গণি এলাকাতেই অবস্থান করছেন। এই তথ্যের ভিত্তিতে গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৫টার দিকে র্যাব-৭-এর একটি অভিযানিক দল আদালতপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আশরাফুল গণির (৩০) বাবার নাম আলহাজ মো. শফিকুল আলম। তাঁর বাড়ি রাউজান থানার সুলতানপুর গ্রামে।
র্যাব জানায়, গত ১৮ আগস্ট রাউজান থানায় দণ্ডবিধির ৩২৩/৩২৫/৩০৭/৫০৬(২) ধারায় এই মামলাটি (মামলা নম্বর-১১) দায়ের করা হয়েছিল, যেখানে পুত্রের হাতে পিতাকে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়। ওই মামলায় আশরাফুল গণি এজাহারনামীয় ১ নম্বর আসামি ছিলেন।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

