র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে নতুন এলিট ফোর্স ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) গঠনে জাতীয় সংসদে বিল পাস হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বিলটি কণ্ঠভোটে পাস হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি পাসের জন্য প্রস্তাব উত্থাপন করলে স্পিকার মির্জা হাফিজ উদ্দিন আহমদ তা কণ্ঠভোটে দেন।
২০০৩ সালের আর্মড পুলিশ ব্যাটালিয়ন (সংশোধন) আইনের অধীনে এতদিন পরিচালিত হয়ে আসছিল র্যাব। এসআরবি বিলের পাশাপাশি আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল-২০২৬ ইতোমধ্যে সংসদে উত্থাপন করা হয়েছে।
বিলটি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সমাজের চাহিদা এবং জননিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বাহিনীতে পরিবর্তন আনতে হয়। আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি সেকশনের অধীনে র্যাব গঠন করা হয়েছিল, যার আইনটি পূর্ণাঙ্গ ছিল না।
তাই একে স্বতন্ত্র ও আধুনিক করতে র্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন করা হচ্ছে। একইসঙ্গে পুরোনো আইনের ইংরেজি অস্পষ্টতা দূর করে নতুন আইন আনা হচ্ছে।
পাস হওয়া বিল অনুযায়ী, এসআরবি পুলিশ বাহিনীর অধীনে একটি বিশেষায়িত ইউনিট হিসেবে কাজ করবে। প্রেষণ ও সরাসরি নিয়োগের মাধ্যমে পুলিশ, অন্যান্য শৃঙ্খলা বাহিনী এবং নির্ধারিত সশস্ত্র সদস্যদের নিয়ে এটি গঠিত হবে। বাহিনীর নিজস্ব পতাকা, প্রতীক ও পোশাক থাকবে। পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) বা তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তা এর মহাপরিচালক হবেন।
এছাড়া ফৌজদারি অপরাধ তদন্ত, তল্লাশি, গ্রেপ্তার ও জব্দের পূর্ণ ক্ষমতা থাকবে বাহিনীর। নিজস্ব হাজত, মালখানা ও জিজ্ঞাসাবাদ কেন্দ্রের পাশাপাশি সাধারণ মানুষের অভিযোগ এবং বাহিনীর অভ্যন্তরীণ অভিযোগ নিষ্পত্তির জন্য একটি স্বাধীন ‘অভিযোগ নিষ্পত্তি কমিটি’ গঠন করা হবে।

