শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধের আঁচ তেলের বাজারে, ব্রেন্ট ক্রুড ১০৮ ডলার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক:

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে হামলা ও জাহাজ চলাচলে বিঘ্নের আশঙ্কায় বিশ্ববাজারে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৮ ডলার ছাড়িয়ে গেছে, যা মে মাসের পর সর্বোচ্চ।

- Advertisement -

গ্রিনিচ মান সময় (GMT) রাত ১২টা ৪৫ মিনিটে ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ১ দশমিক ০৫ ডলার বা ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৮ দশমিক ৬৮ ডলারে দাঁড়ায়।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) অপরিশোধিত তেলের দাম ৯৫ সেন্ট বা ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৩ দশমিক ৪৫ ডলারে লেনদেন হচ্ছিল।

নৌপথের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্র হওয়ার পাশাপাশি হরমুজ প্রণালি ও লোহিত সাগরে জাহাজ চলাচলের ঝুঁকি বেড়েছে। এতে বিশ্ববাজারে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার পাশাপাশি ইরান-সমর্থিত হুতিদের সৌদি আরবকে লক্ষ্য করে হামলা এবং বাব আল-মান্দাব প্রণালিকে ঘিরে উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

ক্যাপিটাল ইকোনমিকসের উপপ্রধান উদীয়মান বাজার অর্থনীতিবিদ জেসন টুভে মনে করেন, হরমুজ প্রণালিতে হামলা এবং সৌদি আরবে হুতিদের আক্রমণ বেড়ে যাওয়ার ফলে ইরান ও তাদের মিত্ররা যুদ্ধে আবার উদ্যোগ নেওয়ার চেষ্টা করছে। এতে উপসাগরীয় অঞ্চলে তেল উৎপাদন পুনরুদ্ধার বাধাগ্রস্ত হতে পারে। ফলে আগামী সপ্তাহগুলোতে বৈশ্বিক জ্বালানি মূল্য আরও বাড়ার ঝুঁকি রয়েছে।

আগামী বছরও চড়া থাকতে পারে তেলের দাম

এসঅ্যান্ডপি গ্লোবাল এনার্জি বৃহস্পতিবার জানিয়েছে, যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো তারা মনে করছে না যে আগামী বছরের শেষ নাগাদ মধ্যপ্রাচ্যের তেল উৎপাদন যুদ্ধের আগের পর্যায়ে ফিরবে।

প্রতিষ্ঠানটি ২০২৭ সালের শেষ নাগাদ যুদ্ধের নিশ্চিত অবসান কিংবা হরমুজ প্রণালিতে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে—এমন পূর্বাভাসও আর দিচ্ছে না।

এসঅ্যান্ডপির নতুন হিসাব অনুযায়ী, আগামী বছরজুড়ে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৮০ থেকে ১০০ ডলারের মধ্যে থাকতে পারে।

এ পরিস্থিতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্তা জ্বালানির প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক। বুধবার রাতে ট্রাম্প দাবি করেন, নভেম্বরের ৩ তারিখের নির্বাচনের পর তেলের দাম দ্রুত কমে যাবে এবং যুদ্ধও শিগগির শেষ হবে।

তবে এসঅ্যান্ডপি গ্লোবাল এনার্জির বৈশ্বিক ক্রুড অয়েল গবেষণা বিভাগের প্রধান জিম বারখার্ড বলেন, তেলবাজার এখন আর আগের স্বাভাবিক অবস্থায় ফেরার পথে নেই। বরং অমীমাংসিত সংঘাত এবং দীর্ঘস্থায়ী সামুদ্রিক নিরাপত্তা ঝুঁকির সঙ্গে বাজার একটি ‘নতুন স্বাভাবিক’ পরিস্থিতিতে খাপ খাইয়ে নিচ্ছে।

দীর্ঘস্থায়ী সংঘাত অব্যাহত থাকলে তেলের দামের পাশাপাশি বিশ্ব অর্থনীতিতে মূল্যস্ফীতি, পরিবহন ব্যয় এবং সুদের হারের ওপরও বাড়তি চাপ তৈরি হতে পারে।

সর্বশেষ

এই বিভাগের আরও