চট্টগ্রামের রাঙ্গুনিয়া মডেল থানায় দায়ের করা অপহরণপূর্বক ধর্ষণ ও সাইবার সুরক্ষা আইনের মামলার এজাহারনামীয় প্রধান আসামি মো. মাসুদ রানাকে (৩৫) হাটহাজারী থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে চট্টগ্রামের হাটহাজারী থানাধীন সুবেদার পুকুর পাড় এলাকার আনোয়ারা ম্যানশনের তৃতীয় তলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, রাঙ্গুনিয়া মডেল থানার মামলা নম্বর-১১, তারিখ ২৭ নভেম্বর ২০২৫-এর এজাহারনামীয় প্রধান আসামি মো. মাসুদ রানা হাটহাজারী এলাকায় অবস্থান করছেন।
মামলাটিতে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর ২৫/২৭ ধারা এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭/৯(১)/৩০ ধারায় অভিযোগ আনা হয়েছে।
এর ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল বৃহস্পতিবার বিকেলে হাটহাজারীর সুবেদার পুকুর পাড় এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আনোয়ারা ম্যানশনের তৃতীয় তলায় তার চাচার ভাড়া বাসা থেকে মামলার প্রধান আসামি মো. মাসুদ রানাকে আটক করা হয়।
গ্রেপ্তার মো. মাসুদ রানা চট্টগ্রামের রাউজান উপজেলার সুলতানপুর ইউনিয়নের কাজীপাড়া এলাকার মোহাম্মদ মিয়ার ছেলে।
র্যাব-৭ জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

