ইরানের সব শর্ত মেনে না নেওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সংলাপ বা আলোচনার সুযোগ নেই বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, মার্কিন পক্ষ শর্ত না মানা পর্যন্ত যেকোনো আলোচনা অর্থহীন।
একদিকে যখন মার্কিন-ইরান কূটনৈতিক টানাপোড়েন চলছে, অন্যদিকে লোহিত সাগরে সামরিক উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক তেল বাণিজ্যের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘বাব আল-মান্দেব’ প্রণালি পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ইয়েমেন উপকূলের কাছে লোহিত সাগরের দক্ষিণ প্রবেশমুখে অবস্থিত গুরুত্বপূর্ণ ‘মায়ুন দ্বীপ’ (পেরিম দ্বীপ) দখলের পর তারা এই দাবি করে।
একই সময়ে, গত বৃহস্পতিবার সৌদি আরবের একটি মূল তেলের পাইপলাইনে হামলা চালায় হুথিরা, যার জেরে ওই পাইপলাইন দিয়ে তেল সরবরাহ বন্ধ ঘোষণা করে সৌদি কর্তৃপক্ষ।
এই পরিস্থিতিতে হুথিদের ওপর সরাসরি সামরিক হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ জানিয়েছিলেন সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। তবে সৌদি যুবরাজের সেই অনুরোধ ট্রাম্প প্রত্যাখ্যান করেছেন বলে জানা গেছে।

