শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

চাঁদা না পেয়ে বাসায় ঢুকে যুবককে গু-লি

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

রাজধানীর বাড্ডায় চাঁদা না দেওয়ায় বাসায় ঢুকে রানা (৩৫) নামে এক যুবককে গুলি করার অভিযোগ উঠেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে হোসেন মার্কেটের পেছনে ময়নারবাগ বউ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

- Advertisement -

গুলিবিদ্ধ অবস্থায় রানাকে রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর ডান পায়ের হাঁটুর ওপর গুলি লেগেছে। বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, আহত রানা পেশায় গাড়িচালক। তাঁর বাবার নাম মৃত আবদুর রব। গ্রামের বাড়ি নোয়াখালীর মাইজদীতে।

হাসপাতালে চিকিৎসাধীন রানা জানান, শনিবার রাতে উত্তর বাড্ডায় এক পরিচিতের বাসায় দাওয়াত খেয়ে ফিরে তিনি ঘুমিয়ে পড়েন। এ সময় জয় নামে তাঁর আরেক পরিচিত যুবকও বাসায় ছিলেন।

রানা বলেন, রাত ১০টার দিকে দরজায় নক করার শব্দ হলে ভেতর থেকে পরিচয় জানতে চাওয়া হয়। বাইরে থেকে কোনো সাড়া না পেয়ে জয় দরজা খুলে কাউকে না দেখে মেইন গেটের দিকে যান। তখন তামিম নামের এক যুবকসহ আরও দুজন বাসায় ঢুকে গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে বিছানায় শুয়ে থাকা রানার ডান পায়ে গুলি করে দ্রুত পালিয়ে যান তাঁরা।

আহত রানার স্বজনদের অভিযোগ, একই এলাকার বাসিন্দা তামিম বেশ কিছুদিন ধরে রানার বড় ভাইয়ের একটি প্রতিষ্ঠানের কাছে নিয়মিত চাঁদা দাবি করে আসছিলেন। ওই চাঁদার দাবির জেরেই গুলির ঘটনা ঘটেছে বলে ধারণা তাঁদের।

অভিযুক্ত তামিমের বাবার নাম সিরাজুল মিয়া বলে জানা গেছে। ঘটনার পর তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ চলছে।

সর্বশেষ

এই বিভাগের আরও