চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানা এলাকা থেকে ৩ হাজার ৯২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৭।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ লাখ ৮০ হাজার টাকা।
র্যাব-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কতিপয় মাদক কারবারি সিএনজি অটোরিকশাযোগে ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে আন্দরকিল্লা থেকে নবাব সিরাজদ্দৌলা রোড হয়ে বহদ্দারহাটের দিকে আসছিল।
এই তথ্যের ভিত্তিতে গত শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে র্যাব-৭-এর একটি অভিযানিক দল চকবাজার থানাধীন নবাব সিরাজদ্দৌলা রোডে প্যারেড ময়দানের উত্তর-পূর্ব কোণে মেসার্স জোনাইদা মেটাল ইন্ডাস্ট্রিজের বিপরীত পাশে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন গাড়ি তল্লাশি শুরু করে।
তল্লাশির একপর্যায়ে একটি সিএনজি অটোরিকশা চেকপোস্টের সামনে এলে চালক মো. সেলিমকে (৩৮) আটক করা হয়। তাঁর বাবার নাম মো. হাসেম, বাড়ি চাঁদপুর জেলার কচুয়া থানার দুর্গাপুর গ্রামে।
পরে সিএনজি অটোরিকশাটি তল্লাশি করে যাত্রী সিটের পেছনে বিশেষ কৌশলে লুকানো একটি লাল শপিং ব্যাগের ভেতর থেকে স্কচটেপে মোড়ানো অবস্থায় ৩ হাজার ৯২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিও জব্দ করে র্যাব।
গ্রেপ্তার আসামি ও উদ্ধার হওয়া মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে চকবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

