কারিগরি ত্রুটির কারণে বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে। এতে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন কমে অর্ধেকের কাছাকাছি নেমে এসেছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে কেন্দ্রটির দুই নম্বর ইউনিট বন্ধ হয়ে যায় বলে জানিয়েছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম।
তিনি জানান, ইউনিটটি বন্ধ হওয়ার আগে রামপাল কেন্দ্র থেকে ১ হাজার ১০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল। একটি ইউনিট বন্ধ হওয়ার পর উৎপাদন ৬০০ মেগাওয়াটের নিচে নেমে এসেছে।
জহুরুল ইসলাম বলেন, ‘ভারতের আদানি থেকে বিদ্যুৎ আসা শুরু হয়েছে। রক্ষণাবেক্ষণ কাজের জন্য রামপালের দুই নম্বর ইউনিটটি বন্ধ করা হয়েছে।’
তিনি জানান, ইউনিট বন্ধের পর সেটি শীতল করতে হয়। ভারত থেকে দুজন প্রকৌশলী আসার কথা রয়েছে। তাঁরা আসার পর কাজ শুরু হবে। ইউনিটটি পুনরায় চালু হতে তিন থেকে চার দিন সময় লাগতে পারে।
রামপাল বিদ্যুৎকেন্দ্রের কার্যালয় সূত্রে জানা যায়, দুটি ইউনিটের মোট উৎপাদন সক্ষমতা ১ হাজার ৩০০ মেগাওয়াট। তবে দুটি ইউনিট একসঙ্গে চালু থাকলে সর্বোচ্চ ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। আর একটি ইউনিট চালু থাকলে উৎপাদন হয় প্রায় ৫৫০ থেকে ৬০০ মেগাওয়াট।

