শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

চাকরিচ্যুত কর্মী-গ্রাহক ফোরামের সং-ঘর্ষ, আ-হত ২৫

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারী ও ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’-এর সদস্যদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে দাবি করেছে গ্রাহক ফোরাম।

- Advertisement -

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাংকের সামনের সড়কে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে পুনর্বহালের দাবিতে অবস্থান নেন চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশ। একই সময়ে ব্যাংকের পরিচালনা পর্ষদে সৎ ও পেশাদার ব্যক্তিদের নিয়োগ এবং এস আলমের হস্তক্ষেপের প্রতিবাদে সেখানে কর্মসূচি পালন করতে যায় ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’।

এ সময় দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরে তা ধাক্কাধাক্কি, ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়।

গ্রাহক ফোরামের সভাপতি অধ্যাপক নুর নবী মানিকের দাবি, তাঁদের কর্মসূচিতে আগে থেকে অবস্থান নেওয়া এস আলমের অনুসারী ও অবৈধ নিয়োগে চাকরিচ্যুত কর্মীরা অতর্কিত হামলা চালান। এতে ফোরামের সহসভাপতি ও ব্যবসায়ী মোতাছিম বিল্লাহসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।

পুলিশের উপস্থিতিতেই ফোরামের সদস্যদের টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হলেও পুলিশ কোনো ভূমিকা পালন করেনি বলেও অভিযোগ করেন তিনি। ঘটনার প্রতিবাদে বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলন করে গ্রাহক ফোরাম।

ফোরামের সহসভাপতি শামিম হাসনাইন বলেন, এস আলমের আমলে অনিয়ম ও ভুয়া সনদের মাধ্যমে বহু বিতর্কিত নিয়োগ দেওয়া হয়েছিল। ৫ আগস্টের পর নতুন পরিচালনা পর্ষদ যাচাই-বাছাই ও পরীক্ষার মাধ্যমে যোগ্যদের বহাল রাখার উদ্যোগ নিলেও সংশ্লিষ্টরা তাতে অংশ নেননি। এখন তাঁরা ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন।

অন্যদিকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের দাবি, ৫ আগস্টের পর গঠিত নতুন পরিচালনা পর্ষদ তাঁদের অন্যায়ভাবে চাকরিচ্যুত করেছে। চাকরি হারিয়ে তাঁরা মানবেতর জীবনযাপন করছেন। সকালে তাঁরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলেন। এ সময় বহিরাগতরা এসে তাঁদের ওপর হামলা চালায় বলে দাবি করেন তাঁরা।

মতিঝিল থানার এএসআই আয়েশা জানান, সকালে দুই পক্ষের মধ্যে ছোটখাটো ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটলেও বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে ব্যাংকের আশপাশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

সর্বশেষ

এই বিভাগের আরও