শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

জিন্নাহর ছবি সরাতে তদন্ত কমিটি, ডাকসুর বিরুদ্ধে ব্যবস্থার আভাস

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের তৎকালীন গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহ এবং ছাত্রসংঘের নেতা আবদুল মালেকের ছবি প্রদর্শনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

- Advertisement -

একইসঙ্গে অনুমতি ছাড়া শিক্ষক মূল্যায়নের ওয়েবসাইট চালু এবং বিশ্ববিদ্যালয়ের জমিতে স্মৃতিস্তম্ভ স্থাপনের মতো সিদ্ধান্তগুলোর বিষয়েও তদন্ত করা হবে।

এ লক্ষ্যে ঢাবির সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানীকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা নিশ্চিত করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, সম্প্রতি ডাকসুকে ঘিরে কিছু কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন, বিধি ও প্রশাসনিক কাঠামোর পরিপন্থী যা কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে:

ইতিহাসের সঙ্গে সাংঘর্ষিক ছবি প্রদর্শন: ডাকসু সংগ্রহশালায় জিন্নাহ ও মালেকের ছবি প্রদর্শনকে ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে চরম সাংঘর্ষিক ও গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করা হয়েছে।

অননুমোদিত স্মৃতিস্তম্ভ নির্মাণ: সিন্ডিকেট বা উপাচার্যের কোনো ধরনের অনুমতি ছাড়াই কলাভবন-সংলগ্ন এলাকায় ও কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ‘নির্ভীক জুলাই’ নামের স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়েছে, যা ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ (১৯৭৩) অনুযায়ী আইনবহির্ভূত।

শিক্ষক মূল্যায়নের ওয়েবসাইট চালু: উপাচার্যের অনুমোদন ছাড়া ডাকসুর নিজস্ব উদ্যোগে শিক্ষকদের মূল্যায়নের ওয়েবসাইট চালু করা এবং সেখানে শিক্ষকদের ব্যক্তিগত তথ্য প্রকাশ করাকে আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে উল্লেখ করেছে প্রশাসন।

সংবাদ বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের ‘দ্বৈত প্রশাসন’ বা সমান্তরাল কাঠামো তৈরির সুযোগ নেই। ডাকসুর যাবতীয় কার্যক্রম উপাচার্যের নির্দেশ ও বিশ্ববিদ্যালয় আইনের অধীনেই পরিচালিত হতে হবে।

সার্বিক বিষয়ে ঢাবি উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম জানান, ডাকসুর এসব কর্মকাণ্ডের বিষয়ে তিনি পূর্ব থেকে অবগত ছিলেন না। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর সে অনুযায়ী চূড়ান্ত আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও