রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো একদিনের সরকারি সফরে সিলেট পৌঁছে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, মঙ্গলবার দুপুরে রাষ্ট্রপতি প্রথমে হযরত শাহজালাল (রহ.) ও পরবর্তীতে হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করেন।
এর আগে এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে রাষ্ট্রপতিকে উষ্ণ অভ্যর্থনা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাংসদ এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ স্থানীয় উর্ধ্বতন নেতৃবৃন্দ।
বিমানবন্দর থেকে সার্কিট হাউজে যাওয়ার পথে নগরের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীরা স্লোগান দিয়ে রাষ্ট্রপতিকে স্বাগত জানান। পরবর্তীতে সার্কিট হাউজে পৌঁছালে তাঁকে সশস্ত্র গার্ড অব অনার প্রদান করা হয়।
রাষ্ট্রপতির কর্মসূচি সম্পর্কে সিটি প্রশাসক জানান, বেলা সাড়ে তিনটায় নগরভবনের সামনে সিলেট সিটি করপোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন রাষ্ট্রপতি। সফর শেষে রাত আটটার দিকে ওসমানী বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর।
এদিকে রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে পুরো সিলেটজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে সিলেট মহানগর পুলিশ। পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম জানান, রাষ্ট্রপতির সফরের পাঁচটি ভেন্যু ও তিনটি কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে। সার্বিক নিরাপত্তায় নিয়োজিত ১ হাজার পুলিশ সদস্যের পাশাপাশি অতিরিক্ত আরও ২০০ সদস্য দায়িত্ব পালন করছেন।

