চট্টগ্রামের রাউজানে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি শুটার গান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে র্যাব।
- Advertisement -
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার ৭ নম্বর রাউজান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রাউজান এলাকার জুরুরকুল বাজার থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, জুরুরকুল বাজারে কালু মিয়ার খড়ের গাদার পাশে পরিত্যক্ত অবস্থায় একটি আগ্নেয়াস্ত্র পড়ে আছে। পরে রাত সোয়া ১০টার দিকে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়।
অভিযানের সময় খড়ের গাদার পাশ থেকে একটি দেশীয় তৈরি এলজি শুটার গান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। পরে সেগুলো জব্দ করে র্যাব।
র্যাব-৭ জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র ও কার্তুজের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সেগুলো রাউজান থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

