ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ বন্ধ থাকবে। এ সময়ে নদ-নদী ও সাগরে ইলিশ ধরার পাশাপাশি পরিবহন, মজুত, বাজারজাত ও কেনাবেচাও নিষিদ্ধ থাকবে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর সচিবালয়ে জাতীয় ইলিশ সম্পদ উন্নয়ন টাস্কফোর্স কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেন, মা ইলিশ রক্ষায় কোনো আপস করা হবে না। ইলিশের প্রধান প্রজননক্ষেত্র বরিশাল, চাঁদপুর ও ভোলাসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানোর নির্দেশ দেন তিনি।
মন্ত্রী বলেন, নিষেধাজ্ঞা কার্যকর করতে জেলা প্রশাসন, কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। প্রয়োজনে ঝুঁকিপূর্ণ এলাকায় অতিরিক্ত নৌযান ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, ইলিশের উৎপাদন কমার কারণ গবেষণার মাধ্যমে খুঁজে বের করতে হবে। একই সঙ্গে নিষিদ্ধ জাল উৎপাদন ও বিক্রি বন্ধেও কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, নিষেধাজ্ঞার ২২ দিনে ইলিশ ধরা, পরিবহন, মজুত, বাজারজাত, কেনাবেচা ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এ সময়ে মাছ ধরা থেকে বিরত থাকা জেলেদের ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্য সহায়তা দেওয়া হবে।

