শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

‘মুস্তাফিজকে অপমানই ছিল বিশ্বকাপ বয়কটের সূত্রপাত’—আসিফ নজরুল

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

অন্তর্বর্তী সরকারের সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের সিদ্ধান্তেই টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৬ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ দল। বিশ্বকাপ না খেলার কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে এসেছে, ক্রীড়া মন্ত্রণালয় তথা আসিফ নজরুলের সেই সিদ্ধান্তে সায় দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

- Advertisement -

তবে এই সিদ্ধান্ত তখনকার ক্রীড়ামন্ত্রী হিসেবে তাঁরই ছিল বলে জানিয়েছেন আসিফ নজরুল। এত দিন পর বিষয়টি তদন্ত করে প্রকাশ করায় তিনি বিস্ময়ও প্রকাশ করেছেন।

মঙ্গলবার ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি?’ শিরোনামে এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে আসিফ নজরুল লেখেন, ভারতে বিশ্বকাপ না খেলতে যাওয়ার সিদ্ধান্তটি তখনকার ক্রীড়ামন্ত্রী হিসেবে মূলত তাঁরই ছিল এবং তিনি নিজেই এ কথা একাধিকবার প্রকাশ্যে বলেছেন। তাই এত দিন পর ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক বিষয়টি তদন্ত করে প্রকাশের কারণ তিনি বুঝতে পারেননি বলে মন্তব্য করেন।

ভারতে না যাওয়ার ব্যাখ্যায় তিনি বলেন, ঘটনার সূত্রপাত উগ্র হিন্দুত্ববাদীদের চাপের মুখে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে মুস্তাফিজকে আইপিএল থেকে অপমানজনকভাবে বাদ দেওয়া থেকে। এর পরপরই নিরাপত্তাহীনতার আশঙ্কা ও বাংলাদেশের প্রতি অবমাননার প্রতিবাদে ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার বিষয়ে অনীহা জানানো হয়।

তিনি বলেন, তাঁদের আশঙ্কা অমূলক ছিল না—আইসিসির প্রথম রিপোর্টেই তার স্বীকৃতি ছিল, যেখানে ভারতে নিরাপত্তা-আশঙ্কার তিনটি কারণ উল্লেখ করা হয়েছিল: বিশ্বকাপের দলে মুস্তাফিজ থাকলে, বাংলাদেশের সমর্থকরা মুক্তভাবে ঘোরাফেরা করলে এবং বাংলাদেশে নির্বাচন এগিয়ে আসার প্রেক্ষাপটে। বিবিসি বাংলা ওই রিপোর্টের অনুবাদও প্রকাশ করেছিল বলে জানান তিনি।

আসিফ নজরুল বলেন, তাঁরা শেষ পর্যন্ত অন্য কোনো ভেন্যুতে বিশ্বকাপ খেলার জন্য বহু চেষ্টা করেছিলেন এবং কোনো কোনো দেশ থেকে সমর্থনও পেয়েছিলেন। তবে আইসিসির নেতৃত্বে ভারতীয়দের আধিপত্যের কারণে তা সম্ভব হয়নি বলে মনে করেন তিনি।

তিনি উল্লেখ করেন, তাঁদের ভারতে নিয়ে যাওয়ার ব্যাপারে ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকেও কোনো যোগাযোগ করা হয়নি।

তিনি বলেন, তাঁদের সিদ্ধান্তের পেছনে তিনটি বিষয় স্পষ্ট ছিল—দেশের মর্যাদা, ক্রিকেটার-সাংবাদিক-সমর্থকদের নিরাপত্তা এবং আগামী নির্বাচনের আগে দেশের পরিস্থিতি স্থিতিশীল রাখা। বিশ্বকাপ না খেললে বিদেশি দলগুলোর সঙ্গে বাংলাদেশের খেলা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থাকলেও ক্রিকেট বোর্ডের উদ্যোগে তা দূর হয়েছিল বলে জানান তিনি। তিনি মন্তব্য করেন, তাঁরা সঠিক সিদ্ধান্তই নিয়েছিলেন।

আসিফ নজরুল বলেন, ছোট দেশ বলে কেউ ইচ্ছেমতো অপমান করবে আর তা মুখ বুজে মেনে নিতে হবে—এমন প্রত্যাশা করা ঠিক নয়। তিনি সমমর্যাদার ভিত্তিতে ভারতের সঙ্গে বন্ধুত্বে বিশ্বাসী বলে উল্লেখ করেন, তবে মাথা নত করে সব মেনে নেওয়ার পক্ষে নন বলে স্পষ্ট করেন।

সর্বশেষ

এই বিভাগের আরও