জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে স্কুলশিক্ষিকা রনজিনা পারভীন (৫৫) নিহত হওয়ার ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাজধানীর একটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল, লুণ্ঠিত মালামাল ও ইয়াবা উদ্ধার করা হয়।
ডিবি জানায়, গ্রেপ্তারদের বিষয়ে বিস্তারিত তথ্য বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হবে।
পুলিশ ও মামলার তথ্য অনুযায়ী, গত ২৯ আগস্ট সকাল সাড়ে ৬টার দিকে বগুড়া থেকে ঢাকায় এসে ফার্মগেটের একটি হাসপাতালে যাওয়ার পথে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের কবলে পড়েন রনজিনা পারভীন। মোটরসাইকেলে থাকা ছিনতাইকারীরা তাঁর ভ্যানিটি ব্যাগ ধরে টান দিলে চলন্ত রিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।
পরে তাঁকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রনজিনা পারভীন বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে গত ৩০ আগস্ট রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করা হয়।

