শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

একনেকে বড় বিনিয়োগ, ১৬ প্রকল্পে ব্যয় ৬৫ হাজার কোটি

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে। সভায় ৬৫ হাজার ৫১৭ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে ১৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।

- Advertisement -

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা শুরু হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত বিএনপি সরকারের মেয়াদে অর্থের পরিমাণের দিক থেকে এটিই সবচেয়ে বড় একনেক সভা হতে যাচ্ছে।

পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রস্তাবিত ১৬টি প্রকল্পের মধ্যে ১২টি নতুন এবং চারটি সংশোধিত। এসব প্রকল্পে সরকারের নিজস্ব তহবিল থেকে ২৫ হাজার ২৭৮ কোটি ১২ লাখ টাকা, বৈদেশিক ঋণ থেকে ৪০ হাজার ১৬৬ কোটি ৬৭ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ৭২ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব রয়েছে।

সভায় ব্যয়ের দিক থেকে সবচেয়ে বড় প্রকল্প হিসেবে রয়েছে ‘ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫) সাউদার্ন রুট’। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) বাস্তবায়নাধীন এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭ লাখ টাকা। প্রকল্পটির মেয়াদ ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ২০৩৩ সালের আগস্ট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ৪ হাজার ৬৬৭ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে বগুড়া-সিরাজগঞ্জ ডুয়েলগেজ রেলপথ নির্মাণ (সংশোধিত) এবং ৩ হাজার ৮২২ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে বৈদ্যুতিক ট্র্যাকশন চালুর প্রকল্পও সভার গুরুত্বপূর্ণ এজেন্ডায় রয়েছে।

স্বাস্থ্য খাতের মধ্যে যক্ষ্মা, এইচআইভি ও ম্যালেরিয়া মোকাবিলায় ৪ হাজার ৩৯ কোটি ৬ লাখ টাকা এবং অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ৩৯৬ কোটি ৮১ লাখ টাকা ব্যয়ের দুটি প্রকল্প রয়েছে।

এ ছাড়া সড়ক ও পানিসম্পদ মন্ত্রণালয়ের একাধিক প্রকল্প, ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট-২, বরিশাল সেনানিবাসের দ্বিতীয় পর্যায়ের কাজ, খুলনা নৌ অঞ্চলের অবকাঠামো নির্মাণ, তৈরি পোশাক ও চামড়া খাতের শ্রমিকদের সুরক্ষা, মনপুরায় বিদ্যুৎ বিতরণ, খুলনা পয়োনিষ্কাশন এবং ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা-সংক্রান্ত প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।

প্রধান ১৬টি প্রকল্পের পাশাপাশি ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও ১৫টি প্রকল্প সম্পর্কে একনেক সভায় সদস্যদের আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও