সমাজে সংঘটিত অধিকাংশ ঘৃণ্য ও চাঞ্চল্যকর অপরাধের পেছনে মাদক ও জুয়া মূল চালিকা শক্তি হিসেবে কাজ করে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, শুধু অপরাধীকে গ্রেপ্তার, বিচার ও শাস্তি দিলেই অপরাধ পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়; অপরাধ কেন হচ্ছে, তার মূল কারণ খুঁজে বের করে গোড়ায় আঘাত করতে হবে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবীর মিলনায়তনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অপরাধের উৎসমুখ বন্ধের ওপর জোর: স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অপরাধের কারণ বিশ্লেষণ করে উৎসমুখে সমাধান আনতে পারলে সমাজ থেকে অপরাধের হার কার্যকরভাবে হ্রাস পাবে। পুরোনো আইনের স্থানে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মিল রেখে নতুন আইন প্রণয়ন ও বিদ্যমান আইন সংশোধনের প্রয়োজন রয়েছে বলে তিনি মত প্রকাশ করেন।
সাইবার সিকিউরিটি ইউনিট গঠন: প্রযুক্তিনির্ভর ও ডিজিটাল অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পুলিশ সদর দপ্তর, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এবং বিভাগীয় পর্যায়ে আধুনিক সাইবার সিকিউরিটি ইউনিট ও ল্যাব স্থাপনের পরিকল্পনার কথা জানান মন্ত্রী।
সাংবাদিকদের স্বীকৃতি ও সহযোগিতা: ঝুঁকিপূর্ণ রিপোর্টিং ও অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে ক্রাইম রিপোর্টারদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পুলিশের পক্ষ থেকে বিশেষ সনদ দেওয়া যায় কিনা, তা যাচাইয়ের আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
পুলিশ-গণমাধ্যম সম্পর্ক: অনুষ্ঠানে ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, পুলিশ ও গণমাধ্যম পরস্পরের পরিপূরক। নতুন যুগের প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অত্যন্ত জরুরি।
ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহর সঞ্চালনায় অনুষ্ঠানে সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ এবং প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) মো. রাশেদ খাঁনসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করা হয়।

