দেশে নিম্নস্তরের বা কম দামি সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) বাড়িয়েছে সরকার। এখন থেকে এই স্তরের প্রতি ১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন দাম ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এত দিন এ স্তরের ১০ শলাকার সর্বোচ্চ খুচরা মূল্য ছিল ৬২ টাকা।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে অন্যান্য স্তরের সিগারেটের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। এর মধ্যে মধ্যম স্তরের প্রতি ১০ শলাকার দাম ৯২ টাকা, উচ্চ স্তরের ১৬০ টাকা এবং প্রিমিয়াম স্তরের ২১০ টাকা ও তদূর্ধ্ব বহাল রয়েছে।
এর আগে সম্প্রতি নিম্নস্তরের সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাব অনুমোদন করে মন্ত্রিসভা। চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটেও সব স্তরের সিগারেটের দাম বাড়ানো হয়েছিল।
বাজেটে নিম্নস্তরের প্রতি ১০ শলাকার প্যাকেটের দাম ৬০ টাকা থেকে বাড়িয়ে ৬২ টাকা নির্ধারণ করা হয়। নতুন সিদ্ধান্তে এ স্তরে আরও ৩ টাকা বাড়িয়ে সর্বনিম্ন দাম ৬৫ টাকা করা হলো।
এ ছাড়া বাজেটে মধ্যম স্তরের সিগারেটের দাম ৮০ টাকা থেকে বাড়িয়ে ৯২ টাকা, উচ্চ স্তরের ১৪০ টাকা থেকে ১৬০ টাকা এবং অতি-উচ্চ বা প্রিমিয়াম স্তরের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ২১০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

