শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সময় কম, সামনে পরীক্ষা-রোজা; ৬ জুনের মধ্যে নির্বাচন চায় ইসি

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

আগামী বছরের ৬ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। তবে ইউনিয়ন পরিষদ নির্বাচন কবে শুরু হবে, সে বিষয়ে আরও আলোচনা ও প্রস্তুতির প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ।

- Advertisement -

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে নির্বাচন কমিশনে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

ইসি সানাউল্লাহ বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আরও আলোচনা হবে। নির্বাচন কবে নাগাদ শুরু করা যায়, তা নিয়ে আরও বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। এ জন্য আরও কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হবে।

তিনি বলেন, সভায় অংশ নেওয়া সব পক্ষ আগামী বছরের ৬ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শেষ করার বিষয়ে একমত হয়েছে।

নির্বাচন কমিশনার জানান, নভেম্বর ও ডিসেম্বরজুড়ে বিভিন্ন পরীক্ষা রয়েছে। জানুয়ারিতে কিছুটা সময় পাওয়া যাবে। এরপর রমজান ও বোর্ড পরীক্ষা শুরু হবে। ফলে সময়ের মধ্যে সব নির্বাচন আয়োজন করতে হলে টাইট শিডিউলের মধ্যে পরিকল্পনা করতে হবে।

তবে আগের পরিকল্পনা থেকে নির্বাচন কমিশন সরে আসেনি বলেও জানান তিনি।

এদিকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রয়োজনীয় প্রযুক্তি মোতায়েন করা হবে বলে জানিয়েছেন ইসি সানাউল্লাহ।

সর্বশেষ

এই বিভাগের আরও