শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

হরমুজে তেলবাহী জাহাজে হামলা চালিয়ে আটকের দাবি আইআরজিসির

আন্তর্জাতিক ডেস্ক:

হরমুজ প্রণালিতে টোগোর পতাকাবাহী একটি তেলবাহী জাহাজে হামলা চালিয়ে সেটি আটকের দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

- Advertisement -

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএকে দেওয়া তথ্যের বরাত দিয়ে এ দাবি করেছে আইআরজিসি। তাদের দাবি, ‘ট্রেন্ড’ নামের জাহাজটি হরমুজ প্রণালি দিয়ে ইরানের নির্ধারিত পথ এড়িয়ে ‘অবৈধভাবে’ চলাচলের চেষ্টা করছিল। এ সময় জাহাজটিকে লক্ষ্যবস্তু করা হয় এবং পরে আটক করা হয়। জাহাজটিতে আগুনও লাগে বলে আইআরজিসি জানিয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (UKMTO) হরমুজ প্রণালিতে একটি ‘নিরাপত্তাজনিত ঘটনার’ কথা জানায়। ঘটনাটি ওমানের খাসাব শহর থেকে প্রায় ১৬ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে ঘটেছে বলে জানানো হয়। ওই ঘটনায় জাহাজের নাবিকেরা নিরাপদ ছিলেন এবং পরিবেশগত ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

তবে UKMTO ঘটনার সঙ্গে জড়িত জাহাজটির নাম বা পতাকা প্রকাশ করেনি। ফলে আইআরজিসির দাবি করা ‘ট্রেন্ড’ জাহাজটিই ওই ঘটনায় জড়িত কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

হরমুজ প্রণালি বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথগুলোর একটি। সাম্প্রতিক সময়ে অঞ্চলটিতে নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে বাণিজ্যিক জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমেছে।

সর্বশেষ

এই বিভাগের আরও