চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন পাথরঘাটা এলাকার সতীশ বাবু লেইনে দিনের আলোয় ছুরির মুখে এক রিকশাযাত্রীর পকেট কেটে সঙ্গে থাকা মালামাল ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নগরজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাদা টি-শার্ট পরা এক ছিনতাইকারী ধারালো ছুরি দিয়ে এক প্যাডেলচালিত রিকশাযাত্রীর প্যান্টের পকেট কাটছে, আর অন্যজন পকেট থেকে জিনিসপত্র বের করার চেষ্টা করছে। এ সময় জীবন বাঁচাতে ভুক্তভোগী যাত্রীকে আকুতি জানিয়ে বলতে শোনা যায়— “দিই দিই, আরে ভাই দিতাছি তো।”
পরবর্তীতে পকেট কেটে মালামাল হাতিয়ে নেওয়ার পর দুই ছিনতাইকারী পাশেই অপেক্ষারত একটি ব্যাটারিচালিত রিকশায় চড়ে পালিয়ে যায়। আশপাশের ভবনের বাসিন্দারা ওপর থেকে ‘মার মার’ বলে চিৎকার করলে এবং স্থানীয়রা ‘ধর ধর’ বলে ধাওয়া করলেও ছিনতাইকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। তবে ঘটনাটি ঠিক কবে ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী) খায়রুল বাশার জানান, ভিডিওটি পুলিশের নজরে এসেছে এবং এতে জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করতে পুলিশের একাধিক দল ইতোমধ্যে মাঠে নেমেছে। খুব দ্রুতই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

