বুধবার, ২১ অক্টোবর ২০২৬

রংপুরের পর রাজশাহীতে তারেক রহমান, এরপর চট্টগ্রাম সফর

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তিন নগরী সফরের অংশ হিসেবে রাজশাহী পৌঁছে জনসভাস্থলে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুর সফর শেষে বেলা ২টা ৫৫ মিনিটে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান তিনি। পরে বিমানবন্দর থেকে সরাসরি নগরের হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে যান প্রধানমন্ত্রী।

- Advertisement -

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার ফয়জুল কবির, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম ও রাজশাহী জেলা পুলিশ সুপার মামুন অর রশিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

রাজশাহীর জনসভায় আখচাষিদের মধ্যে প্রণোদনার অর্থ বিতরণের কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। জনসভায় বক্তব্য দেওয়ার পর তিনি রাজশাহী ধর্মসভা মন্দিরের দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করবেন। পরে সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ শেষে চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তারেক রহমানের প্রথম রাজশাহী সফর।

এর আগে মঙ্গলবার সকালে রংপুরের ঐতিহাসিক রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সেখানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি। রংপুরের কর্মসূচি শেষে সৈয়দপুর বিমানবন্দর থেকে সামরিক বিমানে রাজশাহীতে পৌঁছান তারেক রহমান।

রাজশাহীর কর্মসূচি শেষ করে শাহ মখদুম বিমানবন্দর থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। চট্টগ্রামে পৌঁছে নগরের ঐতিহাসিক জেএম সেন হল ও রহমতগঞ্জের দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কর্মসূচি রয়েছে তাঁর।

চট্টগ্রাম সফর শেষে সার্কিট হাউসে যাত্রাবিরতি করবেন প্রধানমন্ত্রী। এরপর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর।

রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি ও জাতীয় ঐক্যের বার্তা তুলে ধরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সর্বশেষ

এই বিভাগের আরও