শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, শনাক্ত আরও ৫১ জন

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। শনিবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

- Advertisement -

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এসব মৃত্যুর ঘটনা ঘটে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দেশে নিশ্চিত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২২২ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ১১৮ জন।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে তিনজন, সিলেট ও চট্টগ্রাম বিভাগে দুজন করে এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

এদিকে, একই সময়ে দেশে নতুন করে ৫১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হাম শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৩২৪ জনে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৪ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। ফলে চলতি বছরে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৯ হাজার ৮৮৪ জনে।

হামের সংক্রমণ ও মৃত্যুর এই পরিসংখ্যান দেশের জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। সংক্রমণ নিয়ন্ত্রণে আক্রান্তদের শনাক্তকরণ, প্রয়োজনীয় চিকিৎসা এবং টিকাদান কার্যক্রমের গুরুত্ব আরও বেড়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও