চট্টগ্রামের কর্ণফুলী থানা পুলিশের অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দুজনই কক্সবাজারের টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (৬ নভেম্বর) কর্ণফুলী থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি কর্ণফুলী থানার ওসি নূর আহমেদ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মোহাম্মদ আব্দুল্লাহ (২২) ও মো. জাহেদ উল্লাহ (২৫)। তাঁদের দুজনেরই বাড়ি টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পের ২৪ নম্বর ক্যাম্প এলাকায়।
পুলিশ জানায়, সিএমপির বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আমিরুল ইসলামের নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বন্দর) মো. সোহেল রানা পিপিএম-সেবা এবং সহকারী পুলিশ কমিশনার (কর্ণফুলী জোন) নাফিস ইনসানের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদের নেতৃত্বে এসআই নুরে আলম সিদ্দিক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে অংশ নেন।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। মামলার নম্বর ০৭, তারিখ ৬ নভেম্বর ২০২৬। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

