রাজধানীর কাফরুলে পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এ ঘটনায় কারখানা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে মিরপুর-১৪ নম্বর এলাকায় লোড স্টার ফ্যাশন ও মিড এশিয়া ফ্যাশন কারখানার সামনে এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, কারখানা দুটিতে প্রায় ৫ হাজার ১০০ শ্রমিক কর্মরত রয়েছেন। সকালে এসব কারখানার শ্রমিকরা পাশের জকি গার্মেন্টস, ভিশন গার্মেন্টস ও আইডিয়াস গার্মেন্টসের শ্রমিকদের উৎপাদন কার্যক্রমে বাধা দেন। একপর্যায়ে তাদের কারখানা থেকে বের করে নিয়ে আসেন।
সূত্র আরও জানায়, এ সময় স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতাকর্মীর বিরুদ্ধে নারী শ্রমিকদের লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। এ নিয়ে শ্রমিকদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। তবে এরপরও কারখানা এলাকায় কিছু সময় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে।
এ বিষয়ে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ও মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ নাছের রিকাবদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
তবে মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম জানান, সকালে কাফরুলে কিছুটা ঝামেলা হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন আছেন।
এদিকে, মিরপুর-১০ ও মিরপুর-১১ নম্বর এলাকার সড়ক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এসব এলাকায় এখন পর্যন্ত পোশাকশ্রমিকদের সড়কে নামার কোনো খবর পাওয়া যায়নি।

