প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশকে নিরাপদ ও শক্তিমান করতে সরকার সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে।
শনিবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশে তিনি এ কথা বলেন। বিকালে সশস্ত্র বাহিনী বিভাগ এ সংবর্ধনার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, স্থলভাগের নিরাপত্তার পাশাপাশি দেশের আকাশ ও সমুদ্র সীমার সার্বভৌমত্ব নিশ্চিত করাও একটি আধুনিক রাষ্ট্রের জন্য অপরিহার্য। তাঁর ভাষ্য, রাষ্ট্রকে নিরাপদ ও শক্তিমান করতে জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিতের পাশাপাশি বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করতে গৃহীত কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে।
তিনি বলেন, তিন বাহিনীর পৃথক সক্ষমতা তখনই পূর্ণতা পায়, যখন তা একটি সমন্বিত জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হয়ে ওঠে। এ লক্ষ্যে সরকার ইতিমধ্যে নতুন প্ল্যানিং গাইডেন্স প্রণয়ন করেছে।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে নিরাপত্তা কৌশল প্রথাগত সামরিক সীমা ছাড়িয়ে বহুমাত্রিক, প্রযুক্তিনির্ভর ও সমন্বিত কাঠামোয় রূপ নিচ্ছে। সময়ের সঙ্গে মিল রেখে সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধ এবং মহাকাশভিত্তিক নজরদারির প্রয়োজনীয় সক্ষমতা অর্জন এসব পরিকল্পনার অংশ।
তিনি আরও বলেন, আধুনিকায়ন, প্রশিক্ষণ ও কল্যাণের এই সমন্বিত প্রচেষ্টার লক্ষ্য একটি সক্ষম, সুশৃঙ্খল ও পেশাদার সশস্ত্র বাহিনী গড়ে তোলা। তাঁর ভাষায়, চেইন অব কমান্ড সশস্ত্র বাহিনীর শক্তিমাত্রার অনিবার্য অঙ্গ। এর পাশাপাশি বাহিনীর শক্তি ও সফলতার জন্য সততা, দক্ষতা, শৃঙ্খলা ও জনগণের আস্থার বিকল্প নেই।
বিকালে সেনাকুঞ্জে পৌঁছালে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমানকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
সশস্ত্র বাহিনী বিভাগের কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তারা সস্ত্রীক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন।

