মঙ্গলবার
২২ অক্টোবর ২০২৪
৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম পৌর এলাকায় অবৈতনিক প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করার মাধ্যমে মিউনিসিপ্যালিটির সাবেক চেয়ারম্যান মরহুম মৌলভী নুর আহমদ চট্টগ্রামে শিক্ষাবিপ্লব ঘটান বলে মন্তব্য করেছেন বক্তারা।
মঙ্গলবার(২২অক্টোবর) টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে মরহুম নুর আহমদের ৬০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, মরহুম নুর আহমদ ১৯২১ সালে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান নির্বাচিত হন এবং ১৯৫৪ সাল পর্যন্ত একটানা ৩৩ বছর দায়িত্ব পালন করেন। শিক্ষার আলোকে চট্টগ্রামে ছড়িয়ে দিতে ১৯২৭ সালে চট্টগ্রাম পৌর এলাকায় অবৈতনিক প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করেন। ১৯২৮ সালে মেয়েদের জন্য প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করে তিনি প্রতি এলাকায় প্রাথমিক বিদ্যালয় স্থাপনের এক পরিকল্পনা গ্রহণ করেন। পৌরসভা পরিচালিত অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের দায়িত্বপালন ও পাঠদান নিশ্চিত করার জন্য পৌরসভায় স্কুল পরিদর্শক নিয়োগ করেন তিনি। তাঁর প্রচেষ্টায় অবিভক্ত বাংলায় চট্টগ্রাম পৌর এলাকা শিক্ষার হারে সর্বোচ্চ স্থান লাভ করে, চট্টগ্রামে ঘটে শিক্ষাবিপ্লব।

সভায় মরহুম মৌলভী নুর আহমদের পরিবারের পক্ষে তাঁর দৌহিত্র অধ্যাপক সেলিম জাহাঙ্গীর বক্তব্য রাখেন।
সভায় বক্তব্য রাখেন প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব মো. আশরাফুল আমিন, প্রধান রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা মোছাম্মৎ রাশেদা আক্তার, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, রাজস্ব কর্মকর্তা মো. সাব্বির রহমান সানি, অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু তালেব বেলাল, সিটি কর্পোরেশন স্কুল শিক্ষক সমিতির সভাপতি আখতার হোসেন। এসময় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাদ্রাসা পরিদর্শক মাওলানা মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী।