সোমবার
২৮ অক্টোবর ২০২৪
২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


নিজস্ব প্রতিবেদক: সদ্য নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল শাখার সভাপতি খাদিজা আক্তার ঊর্মি ও সূর্যসেন হল শাখার সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম এইচ রাকিব সরকারকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে ঢাকা থেকে তাদের গ্রেফতার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ঢাবির শামসুন্নাহার হল শাখা ছাত্রলীগের সভাপতি খাদিজা আক্তার ঊর্মি এবং সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম এইচ রাকিব সরকারকে গ্রেফতার করেছে ডিবি।’
উল্লেখ্য, গ্রেফতার উর্মি ও রাকিব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় শাহবাগ থানায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।