মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার

২৯ এপ্রিল ২০২৫

৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

চট্টগ্রাম আদালত পুলিশের হেফাজত থেকে পালিয়ে গেল দুই আসামি

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে পুলিশের হেফাজত থেকে হত্যা ও মাদক মামলার দুই আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরের দিকে চট্টগ্রাম আদালতে হাজিরা শেষে প্রিজনভ্যানে তোলার সময় এ ঘটনা ঘটে।

পালিয়ে যাওয়া দুই আসামি চট্টগ্রাম আদালতের হাজতখানার জেলা পুলিশের দায়িত্বে ছিলেন।

পলাতক আসামিরা হলেন- মো. ইকবাল হোসেন ইমন ও আনোয়োর হোসেন। এদের মধ্যে ইমন জেলার লোহাগাড়া থানার উত্তর কলাউজান এলাকার মো. ইউনুসের ছেলে এবং আনোয়ার নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার হাজী মালেক ড্রাইভারের বাড়ির কামাল উদ্দিনের ছেলে।

আদালত সূত্র জানায়, মো. ইকবাল হোসেন ইমন ও আনোয়োর হোসেনকে দুপুরের দিকে কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজিরার জন্য তোলা হয়। হাজিরা শেষে তাদের প্রিজনভ্যানে তোলার সময় কৌশলে তারা পালিয়ে যায়। তবে তাদের কোন আদালতে তোলা হয়েছিল তা জানা যায়নি।

জানা গেছে, ১৪ জানুয়ারি লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর কলাউজান রাবার ড্যাম স্টেশন এলাকায় এক মন্দিরের সামনে মো. জাহেদ (২০) নামে এক নির্মাণ শ্রমিকের লাশ পাওয়া যায়।

পুলিশের দেওয়া তথ্যমতে, অনলাইন জুয়ার টাকা লেনদেনের জেরে বন্ধুরা জাহেদকে শ্বাসরোধে হত্যা করে। ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় ইকবাল হোসেন ইমনকে গ্রেফতার করা হয়। আর আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয় মাদক মামলায়।