সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার

২৯ এপ্রিল ২০২৫

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

প্রথম দিনে সৌদি আরবে পৌঁছেছেন ১২২৪ হজযাত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক: ২০২৫ সালের পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ১২২৪ জন হজযাত্রী। প্রথম দিনে ছয়টি ফ্লাইটে এসব হজযাত্রী ঢাকা ত্যাগ করেন।

মঙ্গলবার এ তথ্য জানিয়েছে আশকোনা হজ অফিস। এর আগে সোমবার রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে আয়োজিত অনুষ্ঠানে ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইটের উদ্বোধন ঘোষণা করেন।

এরপর রাত সোয়া ২টায় সাউদিয়ার প্রথম ফ্লাইট (এসভি ৩৮০৩) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে যাত্রা করে, যাতে ছিলেন ৩৯৮ জন হজযাত্রী।

এবার সরকারি ও বেসরকারি মোট হজযাত্রী ৮৭ হাজার ১০০ জন। এর মধ্যে ভিসা পেয়েছেন ৬৪ হাজার ২৮০ জন। এছাড়া দ্বিতীয় দিন সাত ফ্লাইটে যাবেন আরও ২ হাজার ৯১২ হজযাত্রী।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর তিনটি এয়ারলাইন্স ২৩২টি প্রাক-হজ ফ্লাইটের মাধ্যমে এ দেশের হজযাত্রী পরিবহণ করবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১১৮টি প্রাক-হজ ফ্লাইটে ৪৪ হাজার ৩০৭ জন, সাউদিয়া ৮০টি ফ্লাইটে ৩২ হাজার ৭৪০ জন এবং ফ্লাইনাস ৩৪টি ফ্লাইটে ১৩ হাজার ৬৫ হজযাত্রী পরিবহণ করবে। ৩১ মে প্রাক-হজ ফ্লাইট শেষ হবে। হজের আনুষ্ঠানিকতা শেষে ১০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে।

এ বছর বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন। এর মধ্যে ৫ হাজার ২০০ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৮১ হাজার ৯০০ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন। চাঁদ দেখা সাপেক্ষে ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

হজ ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও সহজ করতে এ বছর হাজিদের জন্য একটি মোবাইল অ্যাপ চালু করা হয়েছে, যেখানে যোগাযোগ সুবিধাসহ প্রয়োজনীয় বিভিন্ন ফিচার যুক্ত করা হয়েছে। এছাড়া হাজিদের হজ প্রিপেইড কার্ড ও মোবাইল সিমের রোমিং সুবিধাও দেওয়া হচ্ছে।