সোমবার
১২ মে ২০২৫
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর পাকিস্তানে ভারতীয় বাহিনীর চারদিনের অপারেশন সিঁদুর নিয়ে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাকিস্তানের বিরুদ্ধে বড়সড় কোনও পদক্ষেপের ঘোষণাও করতে পারেন তিনি।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় পারমাণবিক অস্ত্রধর দুই দেশের যুদ্ধবিরতিতে পৌঁছানোর পর প্রথমবারের মতো সোমবার (১২ মে) ভারতের স্থানীয় সময় রাত ৮টায় এই ভাষণ দেবেন তিনি।
সীমান্তে সংঘর্ষবিরতির মধ্যেও পাকিস্তান সেনার ধারাবাহিক হামলার প্রেক্ষিতে ভারতের প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ কোনও ঘোষণা করতে পারেন বলে মনে করা হচ্ছে।
শনিবার (১০ মে) যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে বলে ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এরপর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রী বলেন, শনিবার ভারত এবং পাকিস্তানের সামরিক বাহিনীর ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন্স (ডিজিএমও)-এর মধ্যে কথা হয়েছে।
তারা সংঘর্ষবিরতিতে সম্মত হয়েছেন। আবার সোমবার বেলা ১২টায় দুই দেশের মধ্যে কথা হবে।
সোমবার নির্ধারিত সময়ের বেশ কিছুক্ষণ পরে ভারতীয় সেনার ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই এবং পাকিস্তান সেনার ডিজিএমও কাশিফ আবদুল্লা হটলাইনে কথা বলেন।
গত ২২ এপ্রিল ভারত-অধিকৃত জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৫ ভারতীয় ও এক নেপালি নাগরিকের প্রাণহানি ঘটে। এই হামলায় জড়িত থাকার অভিযোগ তুলে দুই সপ্তাহ পর গত ৭ মে চিরবৈরী প্রতিবেশী পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর নামের এক সামরিক অভিযান শুরু করে ভারত। যদিও পেহেলগামে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান।