শুক্রবার
০৬ জুন ২০২৫
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সিনিয়র রিপোর্টার:: চট্টগ্রামের কালুরঘাট সেতুর ওপরে ভয়াবহ এক দুর্ঘটনার কবলে পড়েছে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেন পর্যটক এক্সপ্রেস।
বৃহস্পতিবার (৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে সেতুর পূর্বপ্রান্তে সিগন্যাল না মেনে সিএনজিচালিত একটি অটোরিকশা ওপরে উঠে গেলে দুর্ঘটনাটি ঘটে। এতে ট্রেনের ধাক্কায় সিএনজিটি দুমড়েমুচড়ে গিয়ে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
জানা গেছে, দুর্ঘটনার কবলে পড়া পর্যটক এক্সপ্রেস ট্রেনটি ৭টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দ্যেশে কক্সবাজার ছেড়ে আসে। রাত সাড়ে ১০টার দিকে ট্রেনটি কালুরঘাট সেতুতে উঠে।
এদিকে ট্রেন আসার সিগন্যাল দেওয়া হলেও শহরের দিক থেকে সিগন্যাল অমান্য করে সিএনজি চালিত একটি অটোরিকশা সেতুর ওপরে উঠে পড়ে। অপরদিকে পর্যটক এক্সপ্রেস ট্রেনটি বোয়ালখালী অংশ থেকে শহরের দিকে ব্রিজ পার হওয়ার সময় সিএনজিটিকে ধাক্কা দিলে সেটি চুরমার হয়ে যায়।
ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, এসময় আরও কয়েকটি মোটরসাইকেল ট্রেনের নিচে চাপা পড়েছে। এতে এক শিশু নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে দায়িত্বশীল কেউ তাৎক্ষণিকভাবে হতাহতের তথ্য নিশ্চিত করতে পারেনি।
খবর পেয়ে হতাহতদের উদ্ধারে কালুরঘাট ফায়ার স্টেশন থেকে দুটি গাড়ি ও কয়েকটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌছেছে এবং উদ্ধার তৎপরতা চলমান রয়েছে জানালেন স্টেশনটির ফায়ার ফাইটার আমিনুল ইসলাম।